বন্ধ হলো বাল্য বিয়ে
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিয়ের সব আয়োজন শেষ। সবাই ব্যস্ত বরযাত্রীদের অভ্যর্থনায়। জুমার নামাজ শেষ হলেই বিয়ের কার্যাদি সম্পন্ন হবে। ওই সময় পুলিশ গিয়ে সবকিছু পণ্ড করে দেয়। বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ৭ম শ্রেণীর ছাত্রী কুসুম আক্তার (১৩)। ঘটনাটি ঘটেছে গতকাল মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী বেপারী বাড়িতে।পুলিশ জানায়, বেপারী বাড়ির সৌদি প্রবাসী আবদুল বাতেনের কন্যা দাদঘর মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী কুসুম আক্তার (১৩)-এর পাশের গ্রামের আবদুল বারেকের পুত্র মিজানুর রহমান (২২)-এর বিয়ের দিন ধার্য হয় গতকাল দুপুরে। খবর পেয়ে মনোরহগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাদেক আহম্মদ বিষয়টি থানার ওসিকে জানান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল আয়েন ভূঞা উপস্থিত ছিলেন। ওসি মাজেদুর রহমান জানান, সময়মতো পদক্ষেপ নেয়ার বিয়েটি বন্ধ করতে পেরেছি।